ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো শাহনাজের লাশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২২ ডিসেম্বর ২০২১
নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠলো শাহনাজের লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর শাহনাজ বেগম নামে এক এক নারীর অর্ধগলিত লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠেছে। বুধবার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া আবুল মোড়ল দাখিল মাদরাসা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানা পরিদর্শক (অপারেশন) শেখ মো. আমিরুল ইসলাম।

মৃত শাহনাজ উপজেলার রায়েদ ইউনিয়নের রায়েদ গ্রামের সোরহাব হোসেনের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গোসিংগায় বাবার বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হয়ে নিখোঁজ হন তিনি।

শেখ মো. আমিরুল ইসলাম বলেন, শাহনাজ বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যে কাউকে কিছু না বলে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গোসিংগা বাবার বাড়ি বেড়াতে যেত। চিকিৎসা করলে ছয় মাস ভালো থাকে, বাকি সময় অসুস্থ থাকেন।  তিনি হয়তো বানার নদী পাড়ি দিয়ে বাবার বাড়ি যাওয়ার কোনো এক সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

তিনি আরো বলেন, বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া আবুল মোড়ল দাখিল মাদরাসা ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে ঐ নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবার লাশটি শনাক্ত করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!