ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২১ ডিসেম্বর ২০২১
বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মূলহোতা গ্রেফতার
সাগরকে গ্রেফতার করে র‌্যাব

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন বাবু হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত ২টার দিকে ২৮ বছর বয়সী মো. সাগরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, বিকেলে বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাগর শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, অস্ত্রের একটি, দ্রুত বিচার আইনের একটি ও মাদকের তিন মামলাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়েছে। তিনি সিহাব উদ্দিন বাবু হত্যাকাণ্ডের পর থেকেই দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। তবে মাঝে মধ্যে বগুড়ায় এসে মাদক বিক্রি করতেন।

চলতি বছরের ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সিহাব উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবু উপজেলার সাবরুল এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের পরদিন রাতে শাজাহানপুর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রুমি। মামলায় সাগরকে প্রধান আসামি করা হয়।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ কর্মকর্তা নান্নু খান জানান, মামলাটি বর্তমানে পুলিশের সিআইডি বিভাগ তদন্ত করছে। তাই সাগরকে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!