ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের সংঘর্ষে নিথর হলেন পল্লী চিকিৎসক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১৯ ডিসেম্বর ২০২১
মোটরসাইকেলের সংঘর্ষে নিথর হলেন পল্লী চিকিৎসক
ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নূর আলম নামে ৪০ বছর বয়সী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুরে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম উপজেলার শ্রীপুর গ্রামের জইবুদ্দিনের ছেলে। আহত কামালও একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, একই মোটরসাইকেলে হরিণাকুণ্ডু শহরের দিকে যাচ্ছিলেন কামাল ও নূর আলম। তাহেরহুদা গ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নূর আলম মারা যান।

চিকিৎসক মাহমুদ হাসান শাওন জানান, মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে মারা গেছেন নূর আলম। এছাড়া গুরুতর আহত কামালকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, দুর্ঘটনা কবলিত অন্য মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!