জঙ্গলে কুড়িয়ে পাওয়া শিশু অরণ্যের জন্মদিনে ওসির ভালোবাসা
জঙ্গলে কুড়িয়ে পাওয়া শিশু অরণ্যের প্রতি ভালোবাসার টানে জন্মদিনে কেক নিয়ে হাজির হলেন কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে শিশু অরণ্যকে উদ্ধার করেন ওসি।
শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো, নাম দেওয়া ও তাকে পোশাক কিনে দেওয়ার কাজটি তিনিই করেন। এরপর গোপালপুর গ্রামের বশির আমেনা দম্পতির কাছে শিশু অরণ্যকে দত্তক দেন। হাঁটি হাঁটি পা পা করে আজ অরণ্য সাত বছরে পদার্পণ করেছে। ৬ বছর অতিক্রম করলেও শিশু অরণ্যকে ভোলেননি ওসি আনোয়ার।
শুক্রবার দুপুরে ঠিক তার জন্মদিনে কেক নিয়ে বাড়িতে হাজির হন তিনি। কালীগঞ্জ থানা থেকে বদলি হয়ে নড়াইল ও মেহেরপুর জেলায় থাকা অবস্থায়ও ওসি আনোয়ার হোসেন বিভিন্ন দিবসে শিশুটির জন্য উপহার সামগ্রী পাঠাতেন।
অরণ্যের জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে কেক কেটে এক উৎসব আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সিআইডির এএসপি সরাফত উল্লাহ, ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন, কালীগঞ্জ থানার ওসি মোহা. মাহফুজুর রহমান মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিশু অরন্যের খেলার সাথীরা।
ডিবি পুলিশের (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুদের প্রতি সবারই অন্য রকম ভালোবাসা থাকে। তাছাড়া আমি সেখানে থাকা অবস্থায় শিশুটিকে জঙ্গলে পড়ে পেয়েছিলাম। তাকে একটি পরিবারের কাছে দত্তক দিয়েছি। সে কেমন আছে, তা জানতে ইচ্ছা হয়। সেজন্য বিভিন্ন সময়ে তাকে উপহার সামগ্রী পাঠিয়ে থাকি। দায়িত্ববোধ ও মানবিক বিষয় থেকে অরণ্যের প্রতি আমার ভালোবাসা জন্ম নিয়েছে।