[ দেশজুড়ে ]
দিনমজুরকে কুপিয়ে হত্যা করল ইউপি সদস্য
হাসপাতালে মারা যান মিরাজ
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মিরাজ শেখ নামে ৩৫ বছরের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ একই গ্রামের সত্তার শেখের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, দলবল নিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সদর উপজেলার কেওড়া ইউপি সদস্য নজরুল। পরে স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।
মিরাজের মা মাকসুদা বেগম বলেন, জমি নিয়ে ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে মিরাজের পুরনো বিরোধ চলছিল। এরই জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। তবে অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!