ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছ ধরে ফেরার সময় অপহরণ, অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ১২ ডিসেম্বর ২০২১
মাছ ধরে ফেরার সময় অপহরণ, অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেফতার
গ্রেফতার জলদস্যু

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণের অভিযোগে অস্ত্র-গুলিসহ পাঁচ জলদস্যুকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে পাঁচ জেলেকে উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চররমনী মোহন এলাকায় মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- ভোলার কালুপুর গ্রামের মঞ্জুর আলম ব্যাপারী ও আবদুর রহিম, লক্ষ্মীপুরের চররমনী মোহনের হযরত আলী এবং রামগতি উপজেলার আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. হাসান।

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল উদ্দিন জানান, নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকার নদীতে মাছ ধরে শুক্রবার রাত ১টার দিকে ফিরছিলেন জেলেরা। এ সময় হাতিয়ার নূরনবী, মো. মহিউদ্দিন ও বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ এবং রামগতির আবদুল বারেককে অপহরণ করে নিয়ে যান জলদস্যুরা। চররমনীর একটি চরে ইঞ্জিনচালিত নৌকায় আটকে রেখে তাদের মারধর ও পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। সন্ধ্যার দিকে তারা ওই ইঞ্জিনচালিত নৌকা থেকে পাঁচ জেলেকে উদ্ধার করে। এ সময় পাঁচ জলদস্যুকে আটক করে তাদের নৌকা থেকে দেশীয় এলজি, পাঁচটি কার্তুজ, তিনটি ছেনি উদ্ধার করা হয়।

পরিদর্শক কামাল উদ্দিন আরো বলেন, রোববার সকালে সদর থানায় ওই পাঁচজনের নামে অপহরণ ও অস্ত্র আইনে মামলা করেন নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেলাল হোসেন। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!