গরু চুরি করতে গিয়ে ধরা, মা-মেয়ের পুকুরে ঝাঁপ
পাবনার চাটমোহরে চাষির গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় পুকুরে ঝাঁপ দেয় মা-মেয়ে। পরে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
শুক্রবার ভোরে ঐ উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার চর শ্রীপুরের ইউনুস আলীর স্ত্রী আল্লাদি খাতুন ও তার সৎ মেয়ে শাপলা খাতুন। তারা সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।
পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে রামনগর গ্রামের নজরুল ইসলামের গোয়ালঘরের বাঁশের বেড়া খুলে মা-মেয়ে ভেতরে ঢোকে। তারা গোয়ালঘরে বেঁধে রাখা তিনটি গরু ছেড়ে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময় চাষি নজরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আল্লাদি খাতুন ও তার মেয়ে শাপলা খাতুন পালানোর জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। গ্রামবাসী পুকুর থেকে তাদের তুলে এনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগে এমন না হলেও ইদানীং কিছু নারী গরু চুরির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এরা সংঘবদ্ধ গরুচোর চক্রের সঙ্গে জড়িত। গরু চোরেরা ছোট ট্রাক বা পিকআপ একটু দূরে দাঁড় করিয়ে রাখে। আর নারী সদস্যদের দায়িত্ব দেওয়া থাকে তারা গোয়ালঘর থেকে গরু নিয়ে গাড়ি পর্যন্ত আসবে।
নারীদের এ কাজে ব্যবহারের কারণ সম্পর্কে তিনি বলেন, নারীদের দিয়ে এ কাজ করালে শব্দ একটু কম হয়। তাদের রাস্তায় দেখলেও জনগণের সন্দেহ কম হয়। এ ঘটনায় নজরুল ইসলাম মামলা করেছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।