ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাচার গরু চুরি করে পালাচ্ছিল রাসেল, গভীর রাতে হাতেনাতে ধরা

ময়মনসিংহ প্রতিনিধি   
প্রকাশিত: ১৮:০০, ৮ ডিসেম্বর ২০২১
চাচার গরু চুরি করে পালাচ্ছিল রাসেল, গভীর রাতে হাতেনাতে ধরা
ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ

বাজারটিতে এতদিন কোনো পাহারা না থাকায় প্রায়ই চুরি হতো। অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। সম্প্রতি পাহারাদার নিয়োগ দেওয়া হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে। এরপর মঙ্গলবার গভীর রাতেই আসে সফলতা। পাহারাদাররা একটি দ্রুতগামী অটোরিকশা থামিয়ে দেখেন ভেতরে রশি দিয়ে চার পা বাঁধা একটি গরুসহ দুইজন।

এক পর্যায়ে বেদম পিটুনির পর জানা গেল- রাসেল নামে দুই ব্যক্তির একজন তার চাচার গরু চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাতে অটোরিকশা থামানোর পর ঐ দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পাহারাদাররা তাদের আটক করে। রাতভর দুই চোরকে একটি বৈদ্যুতিক পিলারে বেঁধে রাখার পর সকালে পুলিশ এসে নিয়ে যায়।

আটককৃতরা হলেন- ঐ উপজেলার চরশিহারি গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া ও নিজপুম্বাইল গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. সেলিম মিয়া।

রাসেল জানায়, তার চাচা মজলু মিয়ার কাছে টাকা ধার চেয়ে না পেয়ে গরু চুরির সিদ্ধান্ত নেয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। এখন থেকে সব এলাকায় পাহারাদার জোরদার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!