বাঁশবাগানে যুবকের মরদেহ, পকেটে ছিল কীটনাশক
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে বাঁশবাগান থেকে রাজু বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু নেহালপুর গ্রামের পশ্চিমপাড়ার দাউদ বিশ্বাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার।
রাজুর মা ছবেদা বেগম জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হন রাজু। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে সকালে তার মরদেহ বাঁশবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহেতের বাবা দাউদ বিশ্বাস বলেন, সাত বছর আগে রাজু বিয়ে করে। বিয়ের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে বিচ্ছেদ হয়ে যায়। সুস্থ হওয়ার পর চার বছর আগে আবার বিয়ে করে। তার তিন বছরের মেয়ে রয়েছে। তিন মাস আগে ছেলেটা আবার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
দর্শনা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দোহা জানান, মরদেহের পকেটে পলিথিনে মোড়ানো দানাদার কীটনাশক পাওয়া গেছে। রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।