প্রেম করে বিয়ে, একসঙ্গেই নিলো ফাঁস
বাগেরহাটের মোল্লাহাটে এক দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর-গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটেছে।
গলায় রশি পেঁচানো অবস্থায় গ্রামবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘরের আড়ার সঙ্গে দড়ি ও ওড়ানা পেঁচিয়ে স্বামী-স্ত্রী আত্নহত্যা করে বলে পুলিশ জানায়। তবে ওই দম্পতির আত্নহত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
মৃত দম্পতির নাম জনি শেখ ও নাহিদা আক্তার। জনি শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং নাহিদা আক্তার একই উপজেলার পার্শ্ববর্তী সরালিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। জনি শেখ পেশায় একজন কৃষক।
নিহত জনি শেখের বড় ভাই রনি শেখ জানান, জনি ও তার স্ত্রী একটি ঘরে বসবাস করতেন। সকালে স্বজনরা ঘরে গিয়ে দেখতে পান ফাঁস লাগানো অবস্থায় তারা দুইজন ঝুলছেন। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে নাহিদাকে তার ভাই বিয়ে করেন বলে রনি জানান।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে কী কারণে ওই দম্পতি আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।