[ দেশজুড়ে ]
বগুড়ায় ভোট কেন্দ্রের পাশে মিলল চাপাতি-ককটেল
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার সদর উপজেলায় ভোট কেন্দ্রের পাশ থেকে দুটি চাপাতি ও পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
রোববার দুপুরে ভোট চলাকালীন সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চাপাতি ও ককটেল ঐ স্থানে রাখা হয়েছিল। পুরো নির্বাচনী এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, কেন্দ্রে র্যাব সদস্যরা আছেন। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, রোববার বগুড়ার তিন উপজেলার ২৭টি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঐ তিন উপজেলা হলো- সদর, শাজাহানপুর ও ধুনট।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!