ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‌‘অহন গর্তটা বড় অইয়া গেছে’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২০ নভেম্বর ২০২১
‌‘অহন গর্তটা বড় অইয়া গেছে’
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মুশুলি-সিংরইল পাকা সড়কের একটি কালভার্ট ভেঙে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকিপূর্ণ ওই কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়েই চলছে পারাপার।

ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলি চৌরাস্তা থেকে সড়কটি সিংরইল বাজার হয়ে নান্দাইল-হোসেনপুর সড়কে গিয়ে মিশেছে। এই সড়কের আগমুশুলি গ্রামে একটি কালভার্ট গত দুই বছর ধরে ইট-সুরকি ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে বড় আকার ধারণ করেছে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভ্যান ও অটোরিকশা চলাচল করছে। যাত্রী ও মালবাহী ভারী কোনো যানবাহন এ সড়কে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দুই সপ্তাহ আগে সেই গর্তটি বড় আকার ধারণ করায় সড়কের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাঁছমুশুলি গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন,এই সড়ক দিয়ে কয়েকটি হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এছাড়াও তিনটি ইউপির বাসিন্দারা এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ওই কালভার্ট ও সড়কের অবস্থা নাজুক হওয়া সত্যেও কোনো জনপ্রতিনিধি খোঁজ নেয়নি। 

একাধিক অটোরিকশা চালক জানান, ভাঙা সড়কে এতদিন গাড়ি চালাইছি, অহন গর্তটা বড় অইয়া গেছে। তাই অন্য রাস্তায় গাড়ি চালাই। 

মুশুলি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম কুকুল বলেন, কোনো মতে কালভার্টের পাশ দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করলেও প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।  কালভার্টসহ সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এই বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার জানান, বিষয়টি আপনার কাছে জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!