কর্মী-সমর্থকরা বাড়িছাড়া, একাই প্রচারণায় মেম্বার প্রার্থী
নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. জাকির হোসেন একাই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক হাতে মাইক অপর হাতে মাইকের মাউথপিস। এ নিয়ে নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন।
মঙ্গলবার প্রচারণার শেষদিনেও শেষবারের মতো নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। তিনি এবার মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মাইকে প্রশাসনের শান্তিপূর্ণ নির্বাচনে সাধারণ জনগনকে ভোট কেন্দ্র গিয়ে তার মোরগ মার্কা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি এবার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হলে জয়ী হওয়ার আশা করছেন জাকির হোসেন।
নিজের প্রচারণা নিজেই চালান কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারাও যান ৩ জন। এছাড়া এসব ঘটনায় তার কর্মী ও সমর্থক বাড়িছাড়া। তাই নিজের কাজ নিজেই করেছেন।
এ বিষয়ে তিনি আরো বলেন, ভোটাররা এখন আর প্রকাশ্যে আসতে চায় না, কেননা কার কর্মী বা সমর্থন এটা প্রমাণ হলে প্রতিপক্ষের হামলার শিকার হতে হবে। তাই আমিও আমার কর্মী সমর্থকদের প্রকাশ্যে এনে তাদের বিপদ সৃষ্টি করতে রাজি নই। শুধু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেই তাতে জনগণ সুস্ঠ্ভাবে ভোট দিতেই পারলেই হবে।
এলাকায় ভোটের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন, এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জনগণ আতঙ্কে রয়েছে। এছাড়া পুলিশি ঝামেলা এড়াতে বহুলোক বাড়ি ছাড়া। এখন পরিবেশ শান্ত থাকলেও যেকোনো সময় সংঘর্ষের ভয়ে মানুষ আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। এই অবস্থায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে শিশু ও নারীরা।
জয়ের বিষয়ে জাকির হোসেন শতভাগ নিশ্চিত হয়ে বলেন, আমি জনগনের কাছে গিয়েছি তাদের অনুপ্রেরণায় আমি নির্বাচন করছি। আমি জয়ী হতে পারলে চরাঞ্চল সংঘর্ষ মুক্ত করার বিষয়ে কাজ করে যাবো।