ব্যবসায়ীকে অপহরণ, র্যাবের হাতে আটক ৩ অপহরণকারী
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। একই সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ৭ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের ডা. আবুল কাশেম এর ছেলে মো. ইসমাইল আলী ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসেন। অপহরণকারী চক্রের একটি দল কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী চক্রটি তার ভাইকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীদের চাহিদা মতো তার পরিবার বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ২৫ হাজার টাকা প্রদান করে। বিষয়টি র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’কে অবহিত করলে সোমবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন বটতলা বাজার এলাকা থেকে ৩ অপহরণকারীকে আটক করে।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিনাহটি গ্রামের হৃদয়, জেলার চান্দিনা থানার শ্রীরল্লা গ্রামের মো. সুজন এবং ব্রাহ্মণপাড়া থানার টাকই রহমতপুর গ্রামের নূর মোহাম্মদ শরিফ। এ সময় অপহৃত ব্যবসায়ীকে তাদের হেফাজত থেকে উদ্ধার করে র্যাব।