স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে রিন্টু বড়ুয়া নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন আদালতের এপিপি রতন চক্রবর্তী।
দণ্ডপ্রাপ্ত রিন্টু বড়ুয়া রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার ডা. কমল কান্তি বড়ুয়ার ছেলে। তার স্ত্রী রুমি বড়ুয়া শিক্ষিকা ছিলেন।
রতন চক্রবর্তী জানান, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি রিন্টু ও রুমির বিয়ে হয়। শুরুতে তাদের দাম্পত্য জীবন বেশ ভালোভাবে কাটতে থাকলেও ধীরে ধীরে শুরু হয় ঝগড়া-বিবাদ। বিভিন্ন অজুহাতে রুমিকে মারধর করতেন রিন্টু। একপর্যায়ে করেন হত্যার পরিকল্পনাও।
সেই পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে রুমিকে ছাদে নিয়ে যান রিন্টু। সেখানে অ্যান্টিকাটার দিয়ে রুমির ঘাড়ে বারবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।
পরদিন ১৪ আগস্ট রুমির ভাই মনোজ কান্তি বড়ুয়া রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ১৭ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিন্টু। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রিন্টুর মৃত্যুদণ্ডের আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।