ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে আবারো সিঁদ কেটে-কান ছিঁড়ে তিন গৃহবধূর অলংকার চুরি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২৭ অক্টোবর ২০২১
নান্দাইলে আবারো সিঁদ কেটে-কান ছিঁড়ে তিন গৃহবধূর অলংকার চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে আবারো সিঁদ কেটে ঘড়ে ঢুকে এক তরুণীর কান ছিঁড়ে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ঐ উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দুটি গ্রামের তিনটি বাড়িতে এসব ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বাহের বানাইল গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে ইয়াসমিন কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। রাতে খাবার খেয়ে ঘুমানোর পর রাত তিনটার দিকে চোরেরা সিদঁ কেটে ঘরে ঢুকে তার বাম কানের দুল খুলে ফেলে, কিন্তুু ডান কানের দুল সহজে খুলতে না পেরে জোরে টান দেয়। এতে ইয়াসমিনের কানের লতি ছিঁড়ে যায়। ঐ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটেলেও চোরেরা দুল নিয়ে পালিয়ে যায়।

একই ঘটনা ঘটেছে ঐ গ্রামের শিপন মিয়ার স্ত্রী সুরমা আক্তারের সঙ্গেও। সুরমা আক্তার জানান, তাদের বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এখনো জানালা দেওয়া দেয়নি। চোরেরা জানালা দিয়ে ঢুকে সুরমার কানের দুল টেনে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে এতে তার কানের কোনো ক্ষতি হয়নি।

পার্শ্ববর্তী নিজবানাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেখা আক্তার জানান, মধ্যরাতে তিনি ছোট ছেলেকে নিয়ে বাথরুমে যান। ঐ ফাঁকে চোরেরা ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। এরপর ঘরে ফিরে রেখা ও তার ছেলে ঘুমিয়ে পড়লে চোরেরা তার দুই কানের দুল ধরে জোরে টান দেয়। এর পর দুল নিয়ে পালিয়ে যায়।

এর আগে, গত ৫ অক্টোবর একই ঘটনা ঘটেছিল নান্দাইলের দুটি গ্রামে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, বিগত দিনের ঘটনায় কেউ মামলা করেনি। ফলে কোনো আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। গতরাতের ঘটনায় কেউ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!