টেকনাফ সৈকতে ভেসে এসেছে মৃত তিমি
কক্সবাজারের টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে একটি তিমির অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। শুক্রবার রাত ৮ টার দিকে তিমির মরদেহটি জেলেদের চোখে পড়ে। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।
জেলে নুরুল আলম বলেন, মৃত তিমিটি দেখার পর আমরা অনেকেই সেটা খুব কাছ থেকেই দেখছিলাম।এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটির মৃত্যু হয়েছে। ভাটার সময় মৃতদেহটি বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে।
সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ বলেন, শুক্রবার বিকেলে তিমির মরদেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় তিমিটি ভেসে এসেছে সে এলাকায় মানুষজনের বসতি কম। এ কারণে মৃতদেহটি প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মরদেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে মৃতদেহটি পরিমাপ করে দেখা গেছে সেটি ৪২ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া। তিমিটি ব্রাইডস হোয়েল প্রজাতির বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, তিমিটির লেজে রশি বাঁধা রয়েছে এবং এটি পচে গিয়ে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন , কয়েকদিন আগে তিমিটি ওই স্থানে ভেসে আসলেও শুক্রবার রাতে স্থানীয়রা বনবিভাগকে বিষয়টি জানান। এরইমধ্যে তিমির শরীরের অনেকাংশ পচে চরমভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, খবর পেয়েছি একটি মৃত তিমি শামলাপুর সৈকতে ভেসে এসেছে। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে, গত ৯ ও ১০ এপ্রিল কক্সবাজারের হিমছড়ি সৈকতে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।