[ দেশজুড়ে ]
বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়েছে সৈকতে ভেসে উঠা তিমির কঙ্কাল
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর প্যারাসাইলিং পয়েন্টে দুইদিন পড়ে থাকা তিমি মাছের বেশ কয়েকটি কঙ্কাল পুঁতে ফেলা হয়েছে। মঙ্গলবার সকালে রামু উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের সহযোগিতায় হিমছড়ি পয়েন্টের কাছে বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়।
পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি পারভেজ মোশাররফ বলেন, রোববার দুপুরের দিকে জোয়ারের সঙ্গে দরিয়ানগর সৈকতে তিমির কঙ্কালের বেশ কয়েকটি অংশ ভেসে উঠতে দেখা যায়। এটি গত এপ্রিল মাসে বালুচরে পুঁতে ফেলা দুটো তিমির মেরুদণ্ডের অংশ হতে পারে। মঙ্গলবার সকালের দিকে কঙ্কালের বেশ কয়েকটি অংশ বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বিট অফিসার সোহেল রানা বলেন, মঙ্গলবার সকালের দিকে তিমি মাছের কঙ্কালের তিনটি অংশ বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়েছে। স্কেবেটর না পাওয়ায় কঙ্কাল পুঁতে রাখতে সময় লেগেছে।
গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১০ ও ১৫ টন ওজনের দুটি মৃত তিমি। সেগুলো বালুচরে পুঁতে ফেলা হয়েছিল। আড়াই মাস পর তিমির কঙ্কালগুলো সংগ্রহ করে জাদুঘর কিংবা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের মিউজিয়ামে সংরক্ষণের কথা ছিল।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!