দেবিদ্বারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কুমিল্লার দেবিদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১এর সিপিসি-২। শনিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহাগ কাজী ওই এলাকার মো.কাজী মফিজের ছেলে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ডিসেম্বর বারেরার এলাকার প্রতিবন্ধী নারীকে প্রতিবেশীর কাজী আলিমের একটি পুরনো বিল্ডিংয়ের ছাদে নিয়ে একাধিকবার ধর্ষণ করে মো.কাজী সোহাগ। এর ফলে বুদ্ধিপ্রতিবন্ধি ওই নারী গর্ভবতী হয়ে পড়ে।
পরে গত ১১ জুলাই ভুক্তভোগী ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করেন। বিভিন্ন ভয়ভীতির কারণে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী ওই নারীর পরিবার এতদিন থানায় কোনো অভিযোগ জানাননি।
পরে ২৪ জুলাই শনিবার ভুক্তভোগী ওই নারীর পরিবার র্যাব-১১, সিপিসি-২ এ নিকট একটি অভিযোগ দায়ের করলে র্যাব সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক মো.সোহাগকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ ওই নারীকে বিভিন্ন সময়ে ধর্ষণ এবং ওই নারী গর্ভবতী হওয়া ও সন্তান প্রসবের বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়রা জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী ওই নারীর পরিবারকে থানায় কোনো অভিযোগ করতে দেননি।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।