দেবিদ্বারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
কুমিল্লার দেবিদ্বারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউপির চরবাকর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়। একই দিনে দুপুরে পৃথক আরেকটি দুর্ঘটনায় মুরাদনগর উপজেলার থোল্লার গ্রামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।
জানা যায়, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিকশকে পেছন থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোযাত্রী পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজন মারা যায়। অন্যজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
অপরদিকে, মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ে রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিরব নামে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. নিরব থোল্লা গ্রামের অটোচালক সোহেল মিয়ার ছেলে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম, একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া ও আট বছরের এক শিশু।
আহতরা হলেন কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলামের ছেলে আজিজুল হক ও মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে অটোরিকশা চালক লিটন মিয়া।
নিহত আবুল কালামের ভাই মো. আনোয়ার হোসেন জানান, তার ভাই কুমিল্লায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। আমার ভাইসহ অটোচালক লিটন ও তার স্ত্রী কামরুন্নাহার, আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে ওই দুর্ঘটনায় পড়েন।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ বলেন, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনার এক শিশুসহ চারজন মারা গেছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রিজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পরিবহনে চাপ পড়েছে। দুর্ঘটনায় কবলিত দু’টি টাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।