পানির ট্যাংকে বিষ মিশিয়ে পুরো পরিবারকে হত্যার চেষ্টা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর কচুয়া গ্রামে পানির ট্যাংকিতে বিষ মিশিয়ে এক স্কুল শিক্ষকের পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে। টের পেয়ে বিষ মিশ্রিত পানি ব্যবহার বন্ধ করে দেয় ওই পরিবারটি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ২৩ জুন সন্ধ্যার দিকে শৈলকুপার বেনীপুর হাইস্কুলের শিক্ষক দেবাশীষ কুমার বিশ্বাস ও তার ভাই আশীষ কুমার বিশ্বাসের পানির টাংকিতে বিষ প্রয়োগ করে। পানির ট্যাপ ছাড়ার পরই বিষ মিশ্রিত দুর্গন্ধ পানি বের হতে থাকে। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যরাও দেখেন।
বিষয়টি জানানো হয় স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ও কচুয়া তদন্ত পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে। তারা সরেজমিনে পরিদর্শন করেন। পরিবারটির অভিযোগ, ২০০১ সাল থেকেই একটি প্রভাবশালী মহল তাদের সহায়-সম্পত্তি ভোগ দখল করার জন্য নানাভাবে অত্যাচার করে যাচ্ছে। এর অংশ হিসেবে পুরো পরিবারকে হত্যার ছক কষা হয়। পরিবারটি তৎকালীন একটি গ্রুপের দ্বারা উপর্যুপরি নির্যাতনের শিকার হয়েছিল বলেও জানা যায়। বর্তমানে ৬ সদস্যের পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় সময় পার করছে।
স্কুলশিক্ষক দেবাশীষ কুমার জানান, তাদের দেশত্যাগে বাধ্য করতে দুর্বৃত্তরা এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, বিষয়টি দুঃখজনক। পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা মিলেছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সব ধরনের প্রশাসনিক তৎপরতা চালানো হচ্ছে। উত্তর কচুয়া গ্রামের ঐতিহ্যবাহী এ পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।