ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯৯৯-এ কল, ঝড়-তুফানে পথভোলা চার শিক্ষার্থী উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৭, ২০ মে ২০২১
৯৯৯-এ কল, ঝড়-তুফানে পথভোলা চার শিক্ষার্থী উদ্ধার
উদ্ধার হওয়া চার শিক্ষার্থী -ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গম হাওরাঞ্চল। ঝড়-তুফানে পথ ভুলে কাদায় আটকা পড়েন চার শিক্ষার্থী। উপায় না পেয়ে রাত সাড়ে ১২টার দিকে কল দেন ৯৯৯-এ।

কল পেয়েই তাদের উদ্ধারে দ্রুত ছুটে যায় কলমাকান্দা থানা পুলিশের টহল দল। স্থানীয়দের সহায়তায় হারিয়ে যাওয়া পথভোলা শিক্ষার্থীদের রাতের আঁধারে খুঁজতে থাকে পুলিশ। কাদায় ভরা রাস্তা। সামনে ভারত সীমান্তবর্তী পাহাড়। অবশেষে রাত দেড়টার দিকে উপজেলার হরিণধরা নয়াগাঁও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা হলেন- ঢাকা থেকে ঘুরতে আসা হামজা রহমান অন্তর, পারভেজ চৌধুরী। তারা দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর দুই শিক্ষার্থী হলেন- আদি চৌধুরী ও আল মোজাহিদ। তারা নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী।

ওই চার শিক্ষার্থী সুনামগঞ্জের মধ্যনগর হাওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। পরে ঝড়-তুফানে পথ ভুলে তারা চলে আসেন নেত্রকোনার কলমাকান্দায়। পেটে ক্ষুধা আর মনে হারিয়ে যাওয়ার ভয়। সঙ্গে কোনো খাবারও নেই। অবশেষে পুলিশ দেখে তাদের চার বন্ধুর চোখে-মুখে আনন্দের বন্যা।

রাত ৩টার দিকে কলমাকান্দা বাজারে এনে তাদের খাওয়া ও আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে পুলিশ। কলমাকান্দা থানা পুলিশের দ্রুত পদক্ষেপে অভিভূত হন তারা।

কলমাকান্দা থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থানায় আসেন ওই চার শিক্ষার্থী। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!