[ দেশজুড়ে ]
কালিয়াকৈরে অটোচালককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে এক অটোচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত রশিদ মিয়া নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। রশিদ উপজেলার লতিফপুর এলাকায় কালামের বাসার ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস কারখানার উল্টো দিকে সড়কের পাশে স্থানীয়রা রশিদ মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানার এসআই সোহেল মোল্লা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!