কালীগঞ্জে গণধোলাইয়ে গরু চোর চক্রের একজন নিহত, আহত ৫
গাজীপুরের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে গরু চোরের একটি চক্র। এ সময় এলাকাবাসীর গণধোলাইয়ে এক গরু চোর ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার নাগরী ইউপির উলুখোলা এলাকার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন, বগুড়ার সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার বাবলার ছেলে দেলোয়ার হোসেন, একই জেলার শিবগঞ্জ উপজেলা গেওনা ভিন্নত এলাকার আক্তারের ছেলে নাহিদ মিয়া, একই উপজেলার তাতভৈরা এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান আলী, নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার মান্নানের ছেলে গাজী হোসেন ও টাঙ্গাইলের ফজর আলীর ছেলে আলমগীর হোসেন।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে গরু চোরের একটি চক্র উপজেলার নাগরী ইউপির কালিকুঠি গ্রামে গরু চুরি করতে যায়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। পরে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর চিৎকারে কয়েকশ লোক তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের গণধোলাইয়ে চল্লিশোর্ধ এক গরু চোর ঘটনাস্থলেই মারা যায়।
খবর পয়ে নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ, কালীগঞ্জ থানাধীন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম ঘটনাস্থলে যান এবং এলাবাসীকে শান্ত করেন। পরে পুলিশের সহায়তায় মরদেহ ও আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আর বাকী আহতের চিকিৎসা চলছে। তবে আহতদের মধ্যে আলমগীর, নাহিদ ও গাজীর অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ্ হলে তাদের সঙ্গে কথা বলে নিহতের পরিচয় শনাক্ত করবো। এছাড়া আহতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।