ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক লিটনের জামিনের কাগজ দেখিয়ে পালালেন আরেক লিটন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ৬ এপ্রিল ২০২১
এক লিটনের জামিনের কাগজ দেখিয়ে পালালেন আরেক লিটন
শরীয়তপুর জেলা কারাগার

শরীয়তপুরে লিটন সিকদার নামে এক আসামির জামিনের কাগজ দেখিয়ে কারাগার থেকে পালিয়েছেন লিটন ফরাজী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা কারাগারের কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা অধিদফতর।

এর আগে, ৪ এপ্রিল (রোববার) সন্ধ্যায় শরীয়তপুর কারাগারে এ ঘটনা ঘটে। ৫ এপ্রিল (সোমবার) পালং মডেল থানায় জিডি করেছেন শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আমিরুল ইসলাম। জিডিতে তিনি উল্লেখ করেন, ৪ এপ্রিল সন্ধ্যায় দুইজন আসামিকে বিধি মোতাবেক মুক্তি দেয়া হয়। কিন্তু অনিচ্ছাকৃত দাফতরিক ভুলের কারণে জামিনপ্রাপ্ত লিটন সিকদার সেজে কারাগার থেকে বেরিয়ে যান আসামি লিটন ফরাজী।

তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান বলেন, আমরা তদন্তর জন্য শরীয়তপুরে এসেছি। তদন্ত চলছে। পলাতক লিটন ফরাজীর খোঁজ চলছে।

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, লিটন ফরাজীর দুটি ঠিকানা- বরিশালের উজিরপুর ও ঢাকার বাসাবো। জিডির ভিত্তিতে আমরা সংশ্লিষ্ট থানাগুলোতে তথ্য জানিয়ে দিয়েছি।

শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেন বলেন, লিটন ফরাজীর বাড়ি বরিশালের উজিরপুর। ঢাকার বাসাবোতে থাকেন। তার নামে তিনটি মামলা রয়েছে। আর লিটন সিকদারের বাড়ি খুলনার খালিশপুরে। দুজনই চুরি ও ছিনতাই মামলার আসামি।

তিনি আরো বলেন, এ ঘটনায় শরীয়তপুর জেলা কারাগারের কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!