ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় খেলতে গিয়ে মাটিচাপায় লাশ হলো তিন শিশু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৯ মার্চ ২০২১
গাইবান্ধায় খেলতে গিয়ে মাটিচাপায় লাশ হলো তিন শিশু
মামাত-ফুফাত তিন ভাইয়ের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা কিশামত গ্রামে মাটি চাঁপা পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। নিহতরা হলো সুন্দরগঞ্জ উপজেলার বেলকা কিশামত সদর এলাকার শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া, গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে হজরত আলী ও আবীর হোসেন। নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী ও আবীর হোসেন বেলকা কিশামত সদর এলাকার মামা শফিকুল ইসলামের বাড়ি বেড়াতে আসে। শুক্রবার সকালে তারা মামাত ভাই রিফাত মিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে। কিন্তু তাদের কোথাও পাওয়া যাচ্ছিল না। 

বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন বেলকা কিশামত এলাকায় সড়ক নির্মাণে সময় সড়কের পাশ থেকে স্কাভেটর দিয়ে মাটি কাটা গভীর খাদে তাদের মাটি চাপা পড়ে থাকতে দেখে। তখন পরিবারের লোকজনসহ স্থানীরা মাটি সরিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন শিশুকে দেখতে শতশত মানুষ ছুটে আসেন। 

ধারণা করা হচ্ছে, বেলকা কিশামত এলাকায় সড়ক নির্মাণের সময় সড়কের পাশ থেকে স্কাভেটর দিয়ে মাটি কাটা হয়। এতে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়। সকালের দিকে এই তিন শিশু স্কাভেটর দিয়ে মাটি কাটা অংশের ওপরে দাঁড়িয়ে খেলছিল অথবা তারা সেখানে গেলে মাটিসহ ভেঙে গভীর খাদে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম তিন শিশু মাটি চাপা পড়ে নিহতের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!