কুষ্টিয়ায় আগুনের ছোবলে নিঃস্ব ৩ কৃষক পরিবার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মশার কয়েলের আগুনে ৩ কৃষকের বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার বাগোয়ান হিসনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, মশার কয়েলের আগুন থেকে হিসনাপাড়া বাজারের কৃষক ফুলচাঁদ আলীর বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের রুপচাঁদ ও শহিদুলের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাজারের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওষুধের দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে হইচই শুনতে পাই। তখন আবারো বাজারে ফিরে গিয়ে দেখি ফুলচাঁদ আলীর বাড়িতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়স্ত্রনে আনার চেষ্টা করা হয়। গ্রামবাসীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা আরো জানান, আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে চাঁদ আলীর নগদ ৭০ হাজার টাকা ও দুইটি ছাগল পুড়ে গেছে। এছাড়াও ঘরে রাখা সরিষা, ধান, চাল, নগদ টাকা, আসবাব পত্র, গৃহপালিত ছাগল ও হাঁস-মুরগীসহ প্রায় ৩ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।