ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কারাবন্দি নিখোঁজের ঘটনায় জেলার প্রত্যাহার 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ৭ মার্চ ২০২১
চট্টগ্রামে কারাবন্দি নিখোঁজের ঘটনায় জেলার প্রত্যাহার 
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজের ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার ও দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বন্দি নিখোঁজের ঘটনায় খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজন্স ছগীর মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি প্রিজন্স একে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক জানান, কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী প্রধান কারারক্ষী ইউনুস মিয়া সাময়িক বরখাস্ত হয়েছেন। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আর জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিয়মিত গণনার সময় ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। নিখোঁজের পরপরই কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়।কোতোয়ালি থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, শনিবার সকাল ছয়টা থেকে বন্দি রুবেলকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালি থানায় জিডি করেছেন। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে পাঠানো হয়। শনিবার সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!