বগুড়ায় সিগারেটের আগুনে পুড়ল তুলার গোডাউন
বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে ধুনট শহরের তুলাপট্টি এলাকার আজিজ প্লাজায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বলছেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ধুনট বাজারের তুলাপট্টি এলাকায় আজিজ প্লাজায় হেলাল উদ্দিনের উষা অনন্যা বস্ত্র বিতান ও শাহজাহান আলীর শিফা সাইয়ারা বস্ত্র বিতানের তুলার গোডাউন রয়েছে। শুক্রবার দুপুরে ওই তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে ছড়িয়ে পড়ে। সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে দমকল বাহিনী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ শামীম রেজা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ শনাক্ত করা যায়নি। তবে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধুনট পৌরসভার মেয়র ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এজিএম বাদশাহ বলেন, অগ্নিকাণ্ডে সেমিপাকা গোডাউন ঘর ও মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে সহযোগিতা করা হয়েছে।