ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীকে গণধোলাই
ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়ায় মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলা শহরের হালদার পাড়ায় পাঁচতলা একটি ভবনে অস্ত্রসহ প্রবেশ করে বাবু মিয়া নামে এক ছিনতাইকারী। পরে ওই ভবনের বাসিন্দা ব্যবসায়ী মনিরুজ্জামানের পাঁচতলা বাসভবনের ভেতরে গিয়ে ওই ছিনতাইকারী ছুরিকাঘাত করে। এতে ব্যবসায়ী মনিরুজ্জামান গুরুতর আহত হন।
এ সময় বাড়ির বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ফেলে। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে সেখানে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। পরে পুলিশ আহত ব্যবসায়ী মনিরুজ্জামান ও গণধোলাইয়ের শিকার ছিনতাইকারী বাবু মিয়াকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
এ সময় উত্তেজিত জনতা আবারো জড়ো হয়ে পুলিশের হেফাজত থেকে কেড়ে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে গণধোলাই দেয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরিফুজ্জামান জানান, আহত ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন। তার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রহিম জানান, আহত ছিনতাকারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। গণধোলাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।