ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেনায় ডুবে ব্যবসায়ীর আত্মহত্যা, ডায়েরিতে লিখলেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২১
দেনায় ডুবে ব্যবসায়ীর আত্মহত্যা, ডায়েরিতে লিখলেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
মিল্লাত আবাসিক হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ

নাটোরে আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড়ের মিল্লাত আবাসিক হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পাশে থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। ডায়েরিতে লেখা রয়েছে- ‌‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকটি মোবাইল ফোন নম্বরও লেখা রয়েছে তাতে।

নিহত আনোয়ার হোসেন বগুড়ার নন্দিগ্রাম থানার দক্ষিণপাড়ার এজাতুল্লার ছেলে। তিনি ওই এলাকার রড-সিমেন্টে ব্যবসায়ী ছিলেন।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আনোয়ার হোসেন ব্যবসা করার সময় বিভিন্নজনের কাছ থেকে বড় অংকের টাকা ঋণ নেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এরপর থেকে পাওনাদারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন তিনি। শনিবার বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে নাটোরে এসে মিল্লাত আবাসিক হোটেলে ওঠেন। পরে রাতের কোনো এক সময় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরো জানান, সকাল থেকে আনোয়ার বাইরে বের না হলে বিকেল ৫টার দিকে হোটেল বয় তাকে ডাকাডাকি শুরু করে। ওই সময় ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!