প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রেমিক
পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আজিজুল ইসলাম নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় এই ঘটনা ঘটে। আজিজুল ইসলাম ভাঙ্গুড়া সরকারি মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, উপজেলার খানমরিচ ইউপির বড় পুকুরিয়া গ্রামের মিজান উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ভাঙ্গুড়া পৌর শহরের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এ অবস্থায় প্রায় ছয় মাস আগে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে আজিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সূত্র ধরে আজিজুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় ওই কলেজছাত্রীর বাড়িতে দেখা করতে যায়। এ সময় ওই কলেজছাত্রীর বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করলে স্থানীয় বাসিন্দারা এসে আজিজুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। থানা পুলিশের তত্ত্বাবধানে আজিজুলের সেখানে চিকিৎসা চলছে।
ভাঙ্গুড়া থানার এএসআই কামরুল ইসলাম বলেন, আটক আজিজুলের দাবি ওই কলেজছাত্রীর ডাকে সে তার বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে দেয়। এখন তাকে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পরে থানায় নিয়ে যাওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কেউ মামলা করেনি।