নগ্ন ছবি-ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নেত্রকোনার সদর উপজেলায় গৃহবধূকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করেন বিশ্বজিত খান। পরে ওই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় সোমবার রাতে নিজ গ্রাম থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বিশ্বজিত খান সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ বিশ্বজিতের চাচাতো ভাইয়ের স্ত্রী। তাদের বাড়ি পাশাপাশি। ২০১৬ সালে ওই গৃহবধূ বাথরুমে গোসল করতে গেলে বিশ্বজিত কৌশলে তার নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করেন। পরে তিনি তা গৃহবধূকে দেখিয়ে ও তা নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ওই ধর্ষণের ভিডিও বিশ্বজিত মোবাইল ফোনে ধারণ করেন। এরপর বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন।
সম্প্রতি বিশ্বজিত ওই নারীকে কুপ্রস্তাব দিলে তিনি তাতে রাজি না হওয়ায় অপ্রীতিকর ওই ভিডিও তার স্বামীর মোবাইলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দেন। এ নিয়ে গত সপ্তাহে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেন।
পরে পুলিশ বিষয়টি তদন্ত করে গত সোমবার রাতে মডেল থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে বিশ্বজিতকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনে ওই ভিডিওটি পাওয়া যায়। পরে মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় বিশ্বজিতকে গ্রেফতার দেখানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার এসআই আসাদুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, বিশ্বজিতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।