ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাংলাদেশ ছেড়ে চলেই যাচ্ছে তিয়ান-ই

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ১৩ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ ছেড়ে চলেই যাচ্ছে তিয়ান-ই
তিয়ান-ই ক্রেন

বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন হিসেবে খ্যাত ‘তিয়ান-ই’। পদ্মাসেতুতে দীর্ঘ তিন বছর নয় মাস কাজ শেষে বাংলাদেশ ছেড়ে চীনে ফিরে যাচ্ছে ভাসমান এ ক্রেনটি।

পদ্মাসেতুর স্প্যান বসাতে বিশেষ এ ক্রেনটি আনা হয়েছিল চীন থেকে। তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই পদ্মাসেতুর সব স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে পিলারে উঠিয়েছে।

গত ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো দৃশ্যমান হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মাসেতু। সেতুতে স্প্যান বসানোর কাজে ব্যবহৃত হয়েছিল ভাসমান ক্রেন তিয়ান-ই। কাজ শেষ হয়ে যাওয়ায় রোববার সকালে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্প এলাকা ছেড়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ভাসমান এ ক্রেনটির দাম আড়াই হাজার কোটি টাকা। ২০১৭ সালের মার্চে ক্রেনটি পদ্মাসেতু প্রকল্পে আনা হয়। সে বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান থেকে চলতি বছরের ১০ ডিসেম্বর সেতুর ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসানোর কাজ করে ক্রেনটি। এটি ব্যবহারে প্রতি মাসে খরচ পড়েছে ৩০ লাখ টাকা; অর্থাৎ পদ্মাসেতু প্রকল্পে ক্রেনটি ব্যবহারে গত ৪৫ মাসে সাড়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে।

তিনি আরো জানান, রোববার সকালে ক্রেনটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাওয়ার জন্য মাওয়া থেকে বিদায় নিয়েছে। চট্টগ্রাম বন্দরে থেকে সেটি হংকং হয়ে চীনে পাড়ি জমাবে। মাওয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ক্রেনটির যাত্রা নিরাপত্তায় থাকবেন পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সেখান থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বড় মাদার ভেসেলে সেটি হংকংয়ের উদ্দেশ্যে রওনা হবে। এটি চীন পৌঁছাতে এক মাসেরও বেশি সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!