সিলেটে ট্রাফিক আইনে জরিমানা দেয়া যাবে যেভাবে
সিলেটের সড়কে মোটরযান আইনে আরোপিত জরিমানা প্রদানে এখন থেকে কাউকে ব্যাংক কিংবা ট্রাফিক অফিসে যেতে হবে না। ব্যাংকের পজ মেশিন অথবা সংশ্লিষ্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জরিমানার অর্থ প্রদান করা যাবে।
জনসাধারণের ভোগান্তি কমাতে বুধবার বিকেলে সিলেট জেলা হাইওয়ে পুলিশের সঙ্গে এই চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
চুক্তিতে স্বাক্ষর করেন সিলেট হাইওয়ের এসপি মো. শহিদুল্লাহ ও ইউসিবি ব্যাংকের হেড অব বিজনেস সাদ মোহাম্মদ ফয়জুল করিম।
এই চুক্তির মধ্য দিয়ে বিভিন্ন মোবাইল সিমের নেটওয়ার্ক ব্যবহার করে ও ইউসিবি’র পজ মেশিনের মাধ্যমে সহজে জরিমানার অর্থ প্রদান করতে পারবেন আইন অমান্যকারীরা। ঢাকা ও চট্টগ্রামের পর এবার সিলেটে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চুক্তি স্বাক্ষর শেষে সিলেট হাইওয়ে এসপি মো. শহিদুল্লাহ বলেন, পজ মেশিন পদ্ধতির মাধ্যমে যানবাহনের কেস স্লিপ প্রদান করায় মানুষের ভোগান্তি কমে আসবে। এছাড়া জরিমানার টাকা জমা দেয়ার সুযোগ সৃষ্টির ফলে পুলিশের সঙ্গে নগদ টাকার লেনদেন হবে না। এতে দুর্নীতির সুযোগ কমবে। যে স্থানে জরিমানা করা হবে সেখান থেকেই পজ মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক রশিদ গ্রহণ করে জরিমানা প্রদান করা যাবে।
তিনি আরও বলেন, এই পজ মেশিন ব্যবহারে পুলিশের স্বয়ং সম্পূর্ণ ট্রাফিক ডাটাবেজ তৈরি হবে। এছাড়া হাইওয়ে পুলিশ ইউনিটে কতগুলো মামলা হয়েছে তার পরিসংখ্যান জানা যাবে। একই সঙ্গে তথ্য সার্ভারের সংরক্ষিত থাকায় তা কর্মকর্তাদের মনিটরিং করাও সহজ হবে।
ইউসিবি ব্যাংকের হেড অব বিজনেস সাদ মোহাম্মদ ফয়জুল করিম জানান, পজ মেশিনের মাধ্যমে মহাসড়কে বিভিন্ন যানবাহনের মামলাগুলো ডিজিটাল পদ্ধতিতে এখন থেকে করা হবে। যা সঙ্গে সঙ্গে পজ মেশিনের ম্যাধমে জরিমানার স্লিপ প্রদান করা হবে। আর জরিমানার টাকা জমা করতে বার বার অফিসে অফিসে আর ধরনা দিতে হবে না চলার পথেই ইউসিবি ব্যাংকের যে কোনো রিটেইলার পয়েন্টেই চালকরা টাকা জমা করে মামলা নিষ্পত্তি বা যানবাহনের কাগজ ফেরত পাবেন।