কুমিল্লায় যুবককে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
কুমিল্লার বরুড়ায় সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাছুম মিয়া বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের আলী মিয়ার ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মেড্ডা গ্রামের মইফুল মিয়ার ছেলে হালিম মিয়া ও ঝলম ইউনিয়নের ছোট বারেরা গ্রামের শহীদ মিয়ার ছেলে অহিদ মিয়া।
আদালতের অতিরিক্ত পিপি মোয়াজ্জেম হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাছুম মিয়াকে এক লাখ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হালিম মিয়া ও অহিদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। একই সঙ্গে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে তিন আসামিই পলাতক রয়েছেন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর ঝলম উত্তর বাজার এলাকায় আসামিরা চাঁদা আদায় করতে এলে বাধা দেন সাদ্দাম হোসেন। এরপর সাদ্দাম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আসামিরা মোটরসাইকেলে এসে তার গতিরোধ করেন। এ সময় সাদ্দামের বুকে গুলি করেন মাছুম। এ ঘটনায় মাছুমসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাদ্দামের বাবা আনোয়ার হোসেন।