ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে উত্ত্যক্ত সইতে না পেরে ফাঁস দিলেন কলেজছাত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭, ৩ নভেম্বর ২০২০
চাঁপাইনবাবগঞ্জে উত্ত্যক্ত সইতে না পেরে ফাঁস দিলেন কলেজছাত্রী
আফসানা আকতার মিম আঁখি

উত্ত্যক্ত করায় চাঁপাইনবাবগঞ্জের এক কলেজছাত্রীর ফাঁস দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেন এলাকাবাসী।

জানা গেছে, রোববার দুপুরে রিমন ও ফয়সাল আঁখিকে উত্ত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। পরে তার মোবাইল ফোনে গালিগালাজও করে রিমন। এতে ক্ষোভে আঁখি দুপুর দেড়টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আঁখির বাবা আইয়ুব আলী বাদী হয়ে রিমন ও ফয়সালসহ অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় রোববার রাতেই একটি মামলা করেন।

                                                        আরো পড়ুন: এক বাড়ি থেকেই অর্ধ কোটি টাকার মা ইলিশ উদ্ধার 

নিহত আঁখির স্বজনরা জানান, ১ নভেম্বর রোববার সকাল ১০টার সময় মার্কেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর ১টার সময় বাড়ি ফিরে মায়ের সামনে কান্নাকাটি শুরু করে। এসময় আঁখি তার মাকে বলে, ‘আমাকে মোবাইলে আজেবাজে কথা বলে গালিগালাজ করেছে তারা। আমি আর সইতে পারছি না’। এরপর ঘরে গিয়ে দরজা বন্ধ করে শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে তার মা, ভাবি ও চাচা ঘরের দরজা ভেঙে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রিমন পলাতক আছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেথরপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে ফয়সালকে আটক করেছে পুলিশ। 

                            আরো পড়ুন: ১১ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ম্যানেজিং কমিটির সভাপতিকে খুঁজছে পুলিশ

মামলার এজাহারে উল্লেখ আছে, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আফসানা আকতার মিম আঁখিকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেথরপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে ফয়সাল এবং রামকৃষ্টপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে রিমন। এদের কারণেই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপ নগর শাহীবাগ এলাকার মো. আইয়ুব আলির ছোট মেয়ে আঁখি আত্মহত্যা করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!