বনফুডের পিৎজা-বার্গার খেয়ে ২৫ জন হাসপাতালে, মালিক গ্রেফতার
একটি বেকারি ও রেস্তোরাঁর পিৎজা-বার্গার খেয়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছে। আর এ ঘটনায় রেস্তোরাঁ মালিকসহ প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার কুষ্টিয়া শহরের বনফুড নামের রেস্তোরাঁর পিৎজা-বার্গার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তরা সবাই পেটের ব্যথা এবং বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানা শহরের বনফুড বেকারি ও রেস্তোরাঁর মালিক শাকিল আহম্মেদ জালালকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে প্রতিষ্ঠানের তিন কর্মচারীকেও গ্রেফতার করা হয়।
খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই ফিরোজ বাদী হয়ে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইন-২০১৩ মোতাবেক মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই মাহামুদ্দুজ্জামান বলেন, শুক্রবার খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।