চুরির অপবাদে মারধর, কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোবাইল চুরির অপবাদ দিয়ে শান্ত ইসলাম সাগর নামে এক যুবকে পেটানোর সময় কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ। আহত শান্ত ইসলাম সাগর গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি(তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, চাষাঢ়া শহীদ মিনারের সামনে শান্ত ইসলাম সাগর নামে এক যুবকের মোবাইল চুরির অভিযোগ দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিলো। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এম ডি পিন্স, অনিক মিয়া, রাব্বী ও সাগর রায়হানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে। আহত শান্তকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার চারজন শহরের চাষাড়া এলাকার কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ সক্রিয় সদস্য। তারা এই এলাকা দাবড়িয়ে বেড়াতো।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।