ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভুয়া রশিদে গ্রাহকের সঞ্চয়ের ৪৫ লাখ টাকা তাদের পকেটে!

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২৭ আগস্ট ২০২০
ভুয়া রশিদে গ্রাহকের সঞ্চয়ের ৪৫ লাখ টাকা তাদের পকেটে!
চট্টগ্রাম ডাক বিভাগের সঞ্চয় শাখার সহকারী পোস্ট মাস্টার-৬ নুর মোহাম্মদ ও কাউন্টার অপারেটর সারোয়ার আলম খান

সঞ্চয় করতে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগকে বেছে নেন তিন গ্রাহক। মাসে মাসে জমা করতেন টাকা, নিতেন রশিদও। এভাবেই চলছিলো। তবে এবার ডাক বিভাগের নিজস্ব অডিটে উঠে এলো দুই কর্মকর্তার দুর্নীতির চঞ্চল্যকর তথ্য। ওই তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা অ্যাকাউন্টে জমা করেননি তারা, ভুয়া রশিদ দিয়ে ঢুকিয়েছেন নিজেদের পকেটে।

অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম ডাক বিভাগের সঞ্চয় শাখার সহকারী পোস্ট মাস্টার-৬ নুর মোহাম্মদ ও কাউন্টার অপারেটর সারোয়ার আলম খান। বুধবার রাতে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করেছে ডাক বিভাগ। ওই রাতেই অডিট শাখার কর্মকর্তাদের পরিদর্শনে অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিজস্ব অডিটে দুই কর্মকর্তার অর্থ আত্মসাতের বিষয় ধরা পড়ায় তাদের থানায় সোপর্দ করেছে ডাক বিভাগ। পরে ডাক বিভাগের করা জিডি এজহার হিসেবে নিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ডাক বিভাগের পরিদর্শক রাজিব পাল বলেন, তিন গ্রাহকের ৪৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করেছেন ওই দুই কর্মকর্তা। দিয়েছেন ভুয়া রশিদ। নূর মোহাম্মদ প্রথমে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তার কাছ থেকে দুই দফায় ২১ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। বকি ২৩ লাখ ৫১ হাজার টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!