হীরামণি ধর্ষণ-হত্যার বিচার দেখে যেতে পারলেন না বাবা
লক্ষ্মীপুরে আলোচিত স্কুলছাত্রী হীরামণি ধর্ষণ-হত্যার বিচার না দেখেই তার বাবা হারুনুর রশিদ মারা গেছেন। শনিবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউপির গোপীনাথপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।
ঘটনার পর তিনি আকুতি জানিয়েছিলেন, মৃত্যুর আগে যেন মেয়ের হত্যাকারীদের চিনতে এবং বিচার দেখে যেতে পারেন। কিন্তু সেটা আর হলো না।
হারুনুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন রনি। তিনি জানান, হারুন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মেয়ে হত্যার পর তিনি আরো ভেঙে পড়েন।
জানা গেছে, ১২ জুন দুপুরে ঘরে একা পেয়ে পালেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হীরামণিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়েছে। ডাকসু ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় তরিকুল ইসলাম অয়ন, সুমন হোসেন ও আরিফ হোসেন নামে তিনজন কারাগারে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের ডাক্তারি রিপোর্টের জন্য হত্যার মূল রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। রিপোর্ট এলে হত্যাকারী শনাক্ত হবে। এরইমধ্যে আসামিদের রিমান্ডে এনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।