[ দেশজুড়ে ]
গাজীপুরে কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানায় রাতের খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সোমবার রাতে উপজেলার সুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এক শ্রমিক জানান, কারখানার সুইং সেকশনের শ্রমিকদের সোমবার রাতে ডিউটি করার সময় রাতের নাস্তা হিসেবে ডিম, কলা ও কেক দেয়া হয়। ওই খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়।
তানহা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।
গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি মো. রেজাউল করিম রেজা জানান, শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে শুনেছি। শ্রমিকরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!