শিশুদের ধর্ষণ শেষে উল্লাস করতো বেলাল
বেলাল দফাদার। পেশায় সিএনজিচালিত অটোচালক হলেও করতো মাদক পরিবহন। শিশুদের ধর্ষণ করাই ছিল তার নেশা। বেলাল পুলিশের কাছে পরিচিত ছিল রসু খাঁ কিংবা ‘সিরিয়াল রেপিস্ট’ নামে।
বেলালের টার্গেট ছিল নিম্নবিত্ত পরিবারের ছয় থেকে ১০ বছর বয়সী শিশুরা। সে নগরীর বায়েজিদ, আকবরশাহ, পাঁচলাইশ, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকার শিশুদের টাকা কিংবা চকলেটের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নিতো। এরপর সিআরবি এলাকার একটি পাহাড়ে নিয়ে ধর্ষণের পর করতো উল্লাস। এ সময় কোনো শিশু কান্না কিংবা চিৎকার করতে চাইলে দেখাতো ভয়। ধর্ষণ শেষে পুনরায় নামিয়ে দিতো তুলে নেয়া সেই জায়গায় বা এর আশপাশের কোনো স্থানে।
‘সিরিয়াল রেপিস্ট’ বেলাল দফাদারের সম্পর্কে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) বিজয় বসাক।
ডিসি বিজয় বসাক জানান, মূলত শিশু ধর্ষণ ছিল বেলালের নেশা। ২০১৬ সাল থেকে এ নেশায় পতিত হয় সে। সম্প্রতি বেশ কয়েকজন শিশু ধর্ষণের ঘটনায়ও তার নাম উঠে এসেছে। বেলালের বিরুদ্ধে বায়েজিদ ও আকবরশাহ থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগে বুধবার রাতে বায়েজিদ থানার শান্তিনগর এলাকার পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, আটটি গুলির খোসা, একটি অটোরিকশা, ৫০০ ইয়াবা ও ১৫টি যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে পুলিশ।