গৃহকর্মী তরুণীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
ফেনীর শর্শদীতে গৃহকর্মী তরুণীকে ধর্ষণ মামলার আসামি পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফেনী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পারভেজ সদর উপজেলার শর্শদীর দক্ষিণ খানে বাড়ির মাবুল হকের ছেলে। পারভেজ দুই বছর সৌদিআরব অবস্থান করে লকডাউনের আগে দেশে আসেন।
পাশবিক নির্যাতনের শিকার তরুণী জানান, মা-বাবা হারানোর পর অভাবের তাড়নায় ছয় বছর বয়স থেকেই ফেনী শহরের এক খালার বাসায় গৃহকর্মী হিসেবে আশ্রয় নিয়ে কাজ করতো তিনি। সেই খালা কয়েকদিন আগে মারা গেলে তরুণীটি ফেনী সদর উপজেলার শর্শদীর খান বাড়ির একটি পরিবারে আশ্রয় নেয়।
গত মঙ্গলবার রাতে ঘরের বাইরে তরুণীকে একা পেয়ে আগ থেকে ওঁৎ পেতে থাকা একই বাড়ির পারভেজ তাকে মুখ চেপে বাড়ির শেষ সীমানায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তরুণীটিকে নিয়ে ফেনী মডেল থানায় হাজির হয়। এ সময় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে অভিযুক্ত বখাটে পারভেজের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকেলে ফেনী সরকারি কলেজের সামনে থেকে ধর্ষণ মামলার আসামি পারভেজকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগরে প্রেরণ করে পুলিশ।