প্রেমিকাকে বিয়ের দাবিতে যুবক মাঝরাতে উঠলেন বিদ্যুতের টাওয়ারে
এ দৃশ্য যেন সিনেমাকেও হার মানায়। প্রেমিক-প্রেমিকার প্রেম-বিরহে এমন দৃশ্যের দেখা মিলে দেশি-বিদেশি অনেক সিনেমায়। এবার বাস্তবে প্রেমিকাকে বিয়ের দাবিতে এমন দৃশ্যের অবতারণা করে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জের এক যুবক। ওই যুবক প্রায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের উঁচু টাওয়ারের প্রায় ৭০ উঁচুতে উঠে তার কাঙ্ক্ষিত দাবি পেশ করতে থাকেন।
যুবক টাওয়ারে উঠে উচ্চস্বরে বলেন, প্রেমিকার সঙ্গে আমার বিয়ে না হলে আত্মহত্যা করব। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একপর্যায়ে চাঞ্চল্যকর এ খবর পৌঁছে যায় ফায়ার সার্ভিস কর্মীদের কাছেও।
অবশেষে প্রেমিকার সঙ্গে বিয়ের আশ্বাস দিয়েই ওই যুবককে আড়াই ঘণ্টা পর ওই টাওয়ার থেকে নামানো হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মাঝ রাতে এলাকায় তোলপাড় সৃষ্টিকারী ওই যুবকের নাম বিপ্লব। থাকেন আদমজী বিহারী ক্যাম্পে।
স্থানীয়রা জানান, প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে বিদ্যুতের উঁচু টাওয়ারের ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে বিপ্লব। পরে প্রেমিকার সঙ্গে বিয়ে দেয়ার শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর বিপ্লবকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুট উপরে উঠে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে দড়ি বেঁধে ফাঁসি দেয়ার প্রস্তুতি নিয়ে রাখে ওই যুবক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও বিপ্লবকে নিচে নামতে রাজি করানো যাচ্ছিল না। বিভিন্ন শর্তে প্রায় এক ঘণ্টা পর বিহারী ক্যাম্পের মেম্বার ভোলা ওরফে ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং তাকে নিচে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে পুনরায় তিনি ওপরে উঠতে থাকেন।
এরপর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বলতে পুনরায় কিছুটা নিচে নেমে এলে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে স্থানীয় দু’জন ওপরে উঠে তাকে ধরে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপরে উঠে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
বিপ্লবের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকি-ধমকিসহ নানা অঘটন ঘটায়। বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক তরুণীকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেয়ায় সে এ ঘটনা ঘটায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬৫ থেকে ৭০ ফুট উপরে উঠে যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক কৌশলে তাকে নিচে নামিয়ে আনা হয়।