বাল্যবিয়ে: বরের কারাদণ্ড, কনের মাকে জরিমানা
নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে বাল্য বিয়ের অপরাধে বর শিমুল বিশ্বাসকে এক মাসের কারাদণ্ড ও কনের মা ফাতেমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে বিচারক লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী এ দণ্ডাদেশ ও জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউপির চরশামুকখোলা গ্রামের সামাদ শেখের ছেলে বর শিমুল শেখের সঙ্গে একই এলাকার আজমাল হোসেনের কন্যা মাদরাসা ছাত্রী রাবেয়া খানমের বাল্য বিয়ের অভিযোগে পায় ভ্রাম্যমাণ আদালত। ২৭ মে সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ে বন্ধ করতে গেলে কন্যার একটি নকল জন্মসনদ জব্দ করে আদালত। পরে আদালত বিয়ে বন্ধ করার নির্দেশ দিলেও তা মানা হয়নি।
সম্প্রতি বিয়ে সম্পন্ন করে কনেকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি পুনরায় অভিযান পরিচালনা করে ওই আদেশ দেন।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাখী ব্যানার্জী জানান, এক সপ্তাহ আগে বিয়ের আলামত না পেলেও ৪ জুন ঘটনার সত্যতা পাওয়ায় শাস্তি ও জরিমানা করা হয়েছে।