সীতাকুণ্ডে জোড়া খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে জোড়া খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকার মোহাম্মদ সুজনের ছেলে মোহাম্মদ শাহীন ও আমিরাবাদ এলাকার মোহাম্মদ আব্বাসের ছেলে মোহাম্মদ জাহেদ।
পৌরসভার কাউন্সিলর শফিউল আলম মুরাদ জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। সেই বিরোধের মিমাংসায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশ-বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য লোকজন জড়ো হলে দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় শাহীন ও জাহেদ একে অপরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহীন। আর শুক্রবার সকাল ৮টায় মারা যায় আহত অপর যুবক জাহেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।