গরিবদের মাঝে খাদ্য বিতরণকারী যুবক দুর্ঘটনায় নিহত
নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে কর্মস্থলে ফেরার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে যশোর সদরের বাগেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরজামাল গাজী যশোর শহরের একজন ক্লিনিক মালিক। তিনি মণিরামপুরের ডুমুরখালীর শামসুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নূরজামাল শহরে থাকেন। করোনাভাইরাস মোকাবিলায় নিজ এলাকা মনিরামপুরে ঘরবন্দী থাকা নিম্ন আয়ের মানুষরা বিপাকে ছিলেন। সেই খবর পেয়ে তাদের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে আসেন নূরজামাল। সোমবার বিকেলে পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। মঙ্গলবার সকালে কর্মস্থলের রওনা হন নূরজামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সদরের বাগেরহাট বাজারে বিপরীতগামী একটি ট্রাককে সাইড দিতে যান মোটরসাইকেল আরোহী নূরজামাল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়েছে বলে শোনা গেছে।
মণিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাহাবুল আলম বলেন, নূরজামাল দুর্ঘটনার শিকার হয়ে শুনেছি। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার মৃত্যুর খবর পাই। গতকাল নিজ এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান বিতরণ করেছিলেন তিনি।