ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউএনও এলে হয় ৪০, চলে গেলে ৬০

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২১ মার্চ ২০২০
ইউএনও এলে হয় ৪০, চলে গেলে ৬০
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাসের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বত্র হাট বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। এ সুযোগে নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন এমন অভিযোগ ক্রেতাদের।

গত দুইদিন পূর্বে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা বিক্রি হয়েছে এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের সড়ক বাজার এলাকায় মুদি দোকান, সবজি দোকান ও ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

তবে বাজারে ইউএনওকে দেখা মাত্র ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেন মাত্র ৪০ টাকায়। আবার ইউএনও বাজার থেকে চলে আসা মাত্র পূর্বের দামে বিক্রি করছে এমন অভিযোগ ক্রেতাদের। 

বাজারে আসা দেবগ্রাম এলাকার মো. ফিরোজ মিয়া বলেন, করোনাভাইরাসের আতঙ্কের কারণে দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা নিত্য প্রয়োজনীয় পণ্য তিনি কিনে রাখছেন। কিন্তু এ সুযোগে ব্যবসায়ীরা সব পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন। 

গৃহিনী আফরোজা আক্তার বলেন, গত দুইদিন আগে পেঁয়াজ কেনা হয়েছে ৪০ টাকা দরে। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। 

এদিকে সন্ধ্যায় বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালানো হলে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় এক মুদি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

খুচরা ব্যবসায়ী আমির হোসেন বলেন, অতিরিক্ত দামে পণ্য কেনা হয়েছে তাই সামান্য দাম নিয়ে বিক্রি করতে হচ্ছে।

ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, বাজারের সব ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে নির্দেশ দেয়া হয়। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!