ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মাছের মেলায় মানুষের ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৯, ১৬ জানুয়ারি ২০২০
হবিগঞ্জে মাছের মেলায় মানুষের ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদরের পইল গ্রামে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এর আয়োজন করা হয়। মেলাটি একদিনের জন্য বসলেও চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

বুধবার সকাল থেকেই মাছ মেলায় হাজারো মানুষের ঢল নামে। শুধু হবিগঞ্জ নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও লোকজন আসেন এখানে।

মেলায় বোয়াল, বাঘাইড়, আইড়, চিতল, গজার, রুই, কাতলাসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য।

সরেজমিনে দেখা গেছে, প্রায় চার শতাধিক ব্যবসায়ী অংশ নিয়েছেন এ মেলায়। বড় মাছের সঙ্গে অনেকে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন। প্রত্যেক দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ মাছের দাম হাঁকাচ্ছেন আবার কেউ কিনছেন।

নানা প্রজাতির মাছ তুলছেন ব্যবসায়ীরা

এবারের মেলায় ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এনেছেন আহম্মদ আলী। যার দাম চাওয়া হয়েছে ৬৫ হাজার টাকা। তার দাবি, মেলায় সবচেয়ে বড় মাছ এটি।

মাছ ব্যবসায়ী মনোহর মিয়া জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব। তিনি বলেন, প্রতিবছরই এ মেলায় মাছ নিয়ে আসি। বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সঙ্গে কেনেন।

পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবছরের ন্যয় এবারো মেলা শান্তিপূর্ণভাবে চলছে।

এদিকে বিকেলে হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসান, এডিসি (সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়া ও পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা পরিদর্শন করেন।

এ সময় ডিসি বলেন, মাছের মেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটেছে। তাদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!